
নড়াইল সদর উপজেলার ভবানীপুর গ্রামে কৃষক মফি শেখ (২৮) হত্যা মামলায় জামিনুর রহমান মোল্যা নামে এক যুবকের ফাঁসির আদেশসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তিনজনের যাবজ্জীবন কারাদন্ডসহ প্রত্যককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী হলেন নড়াইল সদর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে জামিনুর রহমান মোল্যা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীর ভাই সাদ্দাম হোসেন শুভ,একই গ্রামের মোকছেদ মোল্যার ছেলে সহিদ মোল্যা ও হাকিম আলীর ছেলে সাত্তার মোল্লা।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৮ জুলাই দুপুরে নড়াইলের ভবানীপুর গ্রামের কৃষক মফি শেখ তার শিশুপুত্রকে নিয়ে স্কুল থেকে উপবৃত্তির টাকা তুলে বাড়িতে ফেরার পথে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে মফি শেখকে হত্যা করে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা করেন নিহতের স্ত্রী রেকসোনা খাতুন। ৬ আসামির মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দু’জনকে খালাস দেয়া হয়েছে। #