
সুজন ঠাকুরগাঁও: মাছের পোনা রক্ষায় ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীবাঁধ এলাকায় প্রায় ৪ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ২৩টি অবৈধ চায়না রিং জাল ও ৭০টি কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। পরে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!এসব জালের বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছে প্রশাসন।
শনিবার (৬ সেপ্টেম্বর ) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় নদীতে পাতানো নিষিদ্ধ জাল জব্দের পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থান থেকেও অবৈধ জাল উদ্ধার করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, ভূল্লী থানার এসআই ফণী ভূষণ সহ অনেকে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে অভিযান শুরু করা হয়। তবে অভিযানের খবর আগেই টের পেয়ে জাল মালিকরা পালিয়ে যায়।
পরে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে জব্দকৃত জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, রিং জাল ও কারেন্ট জাল সব ধরনের মাছের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে দেশীয় ছোট মাছ ও মাছের পোনা সহজেই আটকা পড়ে মারা যায়। এজন্য এসব জাল ব্যবহার বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।